দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদকে কেন্দ্র করে মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া। এর আগে বুধবার রাত ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের তেঁতুলতলা বাজারসংলগ্ন পল্লী বিদ্যুতের উপকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় তার মৃত্যু হয়।
নিহত ফারুক ওরফে শহীদ সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং তেঁতুলতলা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।
আটক দুজন হলেন একই এলাকার আল আমিনের ছেলে মো. আরশাদ ওরফে আকাশ (২৪) এবং দুলালের ছেলে মো. সাজ্জাদ হোসেন আকাশ (১৯)।
নিহতের ছেলে মো. ইমরান হোসেনের অভিযোগ, স্থানীয় এক ছাত্রদল নেতার সঙ্গে মাদকসেবন নিয়ে কথাকাটাকাটির সময় তার বাবা অভিযুক্ত আকাশকে দোকান থেকে বের করে দেন। এরপর আকাশ তার বাবাকে হত্যার হুমকি দেন। পরদিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পেছন থেকে তার বাবার পিঠে ছুরিকাঘাত করা হয়।
তিনি জানান, আহত অবস্থায় ফারুককে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি রোমেল বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে মাদকসেবনের প্রতিবাদকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক দুই যুবক বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
এমএম/